ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারতে করোনায় মৃত্যু কমলেও ফের বাড়ল সংক্রমণ

মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। যদিও আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা। একই সঙ্গে গেল ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে শনাক্ত হয়েছেন বেশি লোক। ফলে গত কয়েকদিনের ধারাবাহিকতা ভেঙে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে।


এদিন ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় ঘনবসতিপূর্ণ দেশটিতে নতুন করে শনাক্ত রোগী সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে তিন হাজারের মতো। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে কোভিড আক্রান্তের মোট সংখ্যা তিন কোটি ৩১ লাখ ৩৯ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে।


অপর দিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতে মৃত্যু সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে করোনার থাবায় মৃত্যুবরণ করেছেন ৩৩৮ জন। অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে ৩১ জন। সংকটময় সময়টির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রাণ গেছে চার লাখ ৪১ হাজার ৭৪৯ জনের।


এ দিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে ভারতে বৃহস্পতিবার উঠে এসেছে ভিন্ন চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হওয়া লোকজনের তুলনায় নতুন করে আক্রান্ত হয়েছেন বেশি লোক। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে।



গেল একদিনে ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৬৭ জন। ভিন্ন দিকে দৈনিক শনাক্তের সংখ্যাও পৌঁছেছে ৪৩ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে তিন লাখ ৯৩ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে।


ভারতের মোট সংক্রমিত রোগীর ১ দশমিক ১৯ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। বুধবারের তুলনায় বৃহস্পতিবার এই হার বৃদ্ধি পেয়েছে। এ দিকে বৃহস্পতিবারও ভারতে সুস্থতার হার অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৮ শতাংশে পৌঁছেছে।


অপর দিকে নির্ধারিত এই সময়ের মধ্যে ভারতে দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে ২ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। গেল ১০ দিন যাবত দেশটিতে এই হার তিন শতাংশের নিচেই রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑